সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ: তেজগাঁও থেকে যুবক মিঠু বিশ্বাস গ্রেপ্তার।
সাভারে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মিঠু বিশ্বাস (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) ভোরে রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এজাহার অনুযায়ী, মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় প্রাইভেট পড়ানো শেষে ওই তরুণী নিজ বাড়িতে ফেরেন। বাসায় গিয়ে দেখেন দরজায় তালা, মা তখন বাইরে। পাশের চা-দোকানে রাখা চাবি নিতে গেলে সোহেল রোজারিও নামের এক ব্যক্তি তার গতিবিধি নজরে রাখেন। এরপর বিপ্লব ও মিঠু বিশ্বাসকে নিয়ে সে তরুণীকে অনুসরণ শুরু করে।
পরে সন্ধ্যার দিকে ভয় দেখিয়ে সোহেল ওই শিক্ষার্থীকে নিজের বাসায় নিয়ে যায়। সেখানে তিনজন মিলে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর তরুণীকে হুমকি দেওয়া হয়, বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের শিকার হতে হবে।
সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তেজকুনিপাড়া থেকে মিঠু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার অপর দুই অভিযুক্ত পলাতক রয়েছে, তাদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

মতামত দিন