জুলাই সনদ স্বাক্ষরের দিন সংসদ ভবনে সংঘর্ষের ঘটনায় ৪ মামলা, গ্রেপ্তার ১।
জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মোট ৪টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশি অভিযোগে রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক শনিবার সকালে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার চারটি মামলার মধ্যে একটি সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের অভিযোগের, বাকি তিনটি হলো পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের মামলা।
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে একাংশ জুলাই যোদ্ধা অনুষ্ঠানস্থলে প্রবেশ করে তিন দফা দাবি উপস্থাপন করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই দাবিগুলো ছিল—জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সুরক্ষা আইন ও দায়মুক্তি নিশ্চিত করা।
নির্ধারিত সময়ের আগে গেট ভেঙে দক্ষিণ প্লাজার ভেতরে ঢুকলে পুলিশ তাদের বের করার চেষ্টা করে। পুলিশি অনুরোধ উপেক্ষা করলে লাঠি এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করা হয়। সংঘর্ষে পুলিশের অন্তত ১০ জন ও জুলাই যোদ্ধাদের ৩০ জন আহত হন। বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা পুলিশের গাড়ি ভাঙচুর এবং কন্ট্রোল রুমে আগুন ধরিয়ে দেন।
জুলাই যোদ্ধা সংসদ নামে একটি সংগঠন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে জানিয়েছে, এটি পুলিশি হামলা। সংগঠনটি তিন দফা দাবি বাস্তবায়নসহ হামলার প্রতিবাদে আগামী রোববার (১৯ অক্টোবর) সারা দেশের সড়ক ও মহাসড়ক অবরোধ কর্মসূচি আয়োজন করবে।
মতামত দিন