মালিবাগে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় গ্রেফতার ৪।
রাজধানীর মালিবাগে স্বর্ণের দোকানে বড় ধরনের চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে ডিবি প্রধান শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারকৃতরা হলেন শাহীন, সুমন, উত্তম কানাই ও নুরুদ্দীন।
ডিবির কর্মকর্তারা জানান, চক্রটি দীর্ঘ তিন মাস ধরে দোকানটির কার্যক্রম পর্যবেক্ষণ করে পরিকল্পনা নেয়। নির্ধারিত রাতে মার্কেটের ভেতরে বাথরুমের গ্রিল কেটে প্রবেশ করে তারা। চুরি শেষে চক্রের সদস্যরা চট্টগ্রাম, ফরিদপুর ও বরিশালসহ বিভিন্ন জেলায় পালিয়ে যায়। পরে ধারাবাহিক অভিযানে চারজনকে ধরা হয়।
তদন্ত কর্মকর্তাদের ভাষ্য, প্রথমে চট্টগ্রাম থেকে শাহীনকে আটক করা হয় এবং তার বাড়ি থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণ উদ্ধার হয়। পরে বরিশালে সুমনের বাসায় অভিযান চালিয়ে আরও ৯০ ভরি স্বর্ণ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তার কাছে আরও কিছু স্বর্ণ থাকতে পারে।

মতামত দিন