অপরাধ
ছবি: সংগৃহীত

উত্তরায় কর্পোরেট অফিস থেকে চুরি হওয়া এক কোটি টাকার ৫৮ লাখ উদ্ধার, দুইজন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি কর্পোরেট অফিসের ভল্ট রুমে ঘটে যাওয়া এক কোটি টাকার চুরির ঘটনায় পুলিশ ইতোমধ্যেই ৫৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করেছে। এ ঘটনায় দায়িত্বরত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন—উইন্ডি গ্রুপের ডেপুটি ম্যানেজার রাশেদ নিজাম এবং সাভারের বাসিন্দা সাইদুর রহমান।

পুলিশ জানায়, অক্টোবরের ৩ ও ৪ তারিখের মধ্যে অফিসের ভল্ট রুম থেকে অর্থটি চুরি হয়। প্রতিষ্ঠানটির ডিজিএম মো. হাসিম মিয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন। তদন্তে উঠে আসে, দুই আসামি দীর্ঘদিন অফিসে কাজ করার সুবাদে ভল্টের নিরাপত্তা ও অর্থের অবস্থান সম্পর্কে অবগত ছিলেন।

তদন্ত কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতের দিকে রাজধানীর পল্লবী এলাকা থেকে রাশেদ নিজামকে ৩০ লাখ টাকাসহ আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে আরও ২৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, “এটি পরিকল্পিত চুরি ছিল। আমরা বাকি অর্থ উদ্ধার করতে অভিযান চালিয়ে যাচ্ছি।”

ডিসি মহিদুল ইসলাম আরও জানান, “অভিযান চলমান। আশা করছি খুব শিগগিরই পুরো টাকা উদ্ধার সম্ভব হবে।”

মতামত দিন