অপরাধ
ছবি: সংগৃহীত

স্ত্রীকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে, ২৪ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার মিললো চাঞ্চল্যকর তথ্য।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে পালিয়ে যাওয়া নজরুল ইসলামকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে বংশাল থানার নবাবপুর রোড এলাকা থেকে কলাবাগান থানা-পুলিশ তাকে আটক করে।

ডিএমপি সূত্রে জানা যায়, ঘটনার মাত্র একদিন পরই নজরুলকে শনাক্ত করে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার তাসলিমা আক্তার (৪২) তার স্ত্রী।

তদন্তে জানা গেছে, গত রোববার রাত ১১টার দিকে নজরুল কলাবাগান থানার ১ নম্বর লেনের একটি  ভাড়া ফ্ল্যাটে ফিরে আসেন। সেখানে গিয়ে দরজার দুটি লক খোলা দেখতে পান। দীর্ঘদিনের দাম্পত্য কলহ ও পরকীয়ার সন্দেহ থেকে ক্ষিপ্ত হয়ে তিনি ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।

পরে লাশটি গামছা, চাদর ও ওড়না দিয়ে মুড়িয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখেন এবং ঘরের রক্তের দাগ মুছে আলামত গোপনের চেষ্টা করেন। পরদিন সকালে মেয়েদের জানান, তাদের মা অন্য একজনের সঙ্গে পালিয়েছে।

তবে বড় মেয়ে নাজনীন দেয়ালে রক্তের দাগ দেখে সন্দেহ করলে বিষয়টি জানানো হয় তাসলিমার ছোট ভাই নাঈম হোসেনকে। পরে তিনি কলাবাগান থানায় গিয়ে খবর দিলে পুলিশ ফ্ল্যাটে ঢুকে মাছ-মাংসের নিচে লুকানো মরদেহ উদ্ধার করে।

সিআইডির ক্রাইম সিন ইউনিটের সহায়তায় লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই রাতে নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন।

পরে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় পুলিশ নজরুলের অবস্থান শনাক্ত করে নবাবপুর থেকে তাকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসার ওয়ার্ডরোব থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল জানান, স্ত্রী পরকীয়ায় জড়িত এবং তার সম্পত্তি দখলের পরিকল্পনা করছে—এমন সন্দেহ থেকেই তিনি হত্যাকাণ্ড ঘটান।

মতামত দিন