অপরাধ
ছবি: সংগৃহীত

কোরআন ‘অবমাননা’ নর্থ সাউথের সেই সাবেক শিক্ষার্থী অপূর্ব পালকে ৫ দিনের রিমান্ড।

নিজেস্ব প্রতিবেদক:

কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পালকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, “বাংলাদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে বসবাস করে। তবে সম্প্রতি কিছু বিদেশি ও দেশীয় চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দুর্গাপূজার সময়কে সামনে রেখে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে অরাজকতা ছড়ানোর উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে।”

তিনি আরও জানান, অপূর্ব কার প্ররোচনায় এমন কাজ করেছে, কারা তাকে সহযোগিতা করেছে, বা কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত কি না—এসব জানতে জিজ্ঞাসাবাদ জরুরি।

শুনানির সময় আদালতে অপূর্বের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আদালত তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমার পেছনে কেউ নাই। মাঝে মাঝে ভুলে যাই। ঘটনার সময়কার কিছুই আমার মনে নেই। একবার মসজিদে গিয়েও ভুলে জুতা রেখে এসেছিলাম।”

রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী হারুন অর রশীদ বলেন, “এই ঘটনার পেছনে বড় একটি গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারে, যারা দেশের হিন্দু-মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। তাই সর্বোচ্চ রিমান্ড প্রয়োজন।”

এর আগে, গত ৯ অক্টোবর ভাটারা থানার এসআই চাঁদ মিয়া অপূর্বের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার সেই আবেদনের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মতামত দিন