নোয়াখালীতে রাস্তায় প্রকাশ্যে যুবকের গলাকাটা হত্যা।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নে দিনে-দুপুরে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনা সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঘটেছে।
নিহত যুবকের নাম সুব্রত চন্দ দাস (৪০)। তিনি চর আমান উল্লাহ ইউনিয়নের চিরু রঞ্জন দাসের ছেলে এবং দুই সন্তানের জনক ছিলেন। নিহত যুবক বেকার ছিলেন। তার স্ত্রী রিক্তা রানী দাস স্বাস্থ্য সেবা বিভাগে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্ত্রীকে আনার উদ্দেশ্যে সুব্রত মোটরসাইকেলে বাড়ি থেকে রওনা হন। চর জুবলী গ্রামের পলোয়ান বাড়ির সামনে পৌঁছালে কিছু দুর্বৃত্ত তার মোটরসাইকেল থামিয়ে দাঁড় করান। এরপর সেখানে তাকে গলাকেটে ও মাথায় কোপ দিয়ে হত্যা করা হয়। পরে দেহ রাস্তার পাশে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, মৃত যুবকের গলাকাটা ও মাথায় কোপের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তল্লাশি চালাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন