চট্টগ্রামে বাসচালকের সিটের পাশের বক্সে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার ২।
চট্টগ্রামের মিরসরাইয়ে বাসচালক ও তার সহকারীকে ১০ হাজার ইয়াবাসহ আটক করেছে পুলিশ।সোমবার (১৩ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন— ফরিদপুরের কোতোয়ালি থানার চন্দীপুর গ্রামের বকু বেপারীর ছেলে রুবেল বেপারী (৩৭) এবং ঢাকার মুগদা এলাকার আবু বকর মোল্লার ছেলে মিরাজুল ইসলাম (৪২)। রুবেল “রিল্যাক্স কুং এসি এয়ারকন” নামের একটি যাত্রীবাহী বাসের চালক, মিরাজ ছিলেন তার সহকারী।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বড়তাকিয়া এলাকায় স্থাপিত চেকপোস্টে ঢাকা অভিমুখী বাসটিকে থামিয়ে তল্লাশি করা হয়। চালকের সিটের পাশের বক্সে লুকিয়ে রাখা দুটি প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, “গাড়ি চালানোর আড়ালে রুবেল ও মিরাজ দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে।”
এদিকে পৃথক অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশ বারইয়ারহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলো— এনামুল হক রানা (২৪), মো. সোহেল (৪০) ও মো. আল আমিন (২০)। তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম।

মতামত দিন