শেরপুরের শ্রীবরদীতে সরকারি সিলযুক্ত ৩৮০ বস্তা চাল জব্দ, তদন্তে প্রশাসন।
শেরপুরের শ্রীবরদীতে পাচারের প্রস্তুতিকালে সরকারি সিলযুক্ত ৩৮০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে পৌরসভার শেখদী এলাকার মেসার্স রুহুল রাইস মিলের গুদামে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র খাদ্যগুদাম ও ডিলারদের সঙ্গে যোগসাজশে সরকারি চাল ক্রয়-বিক্রয় ও পাচার করে আসছে। প্রভাবশালী একটি মহলের আশ্রয়ে রাতের আঁধারে এসব চাল গুদাম থেকে পাচারের কাজ চলত। শনিবার রাতেও স্থানীয়দের সন্দেহ হলে তারা গুদাম ঘিরে ফেলে ও ট্রলিতে লোড করা চাল আটক করে প্রশাসনকে খবর দেন।
পরে শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিব-উল-আহসান ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করেন। তিনি জানান, জব্দকৃত বস্তাগুলোতে সরকারি সিল রয়েছে। তবে এখন পর্যন্ত এসব চাল কোন সরকারি কর্মসূচির অধীনে ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।
অভিযান শেষে প্রশাসনের নির্দেশে চালের বস্তাগুলো পুনরায় গুদামে রাখা হয় এবং গুদামটি সিলগালা করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসন পৌঁছানোর আগেই অসাধু ব্যক্তিরা গুদামের পাশ থেকে প্রায় ৩০ বস্তা চাল সরিয়ে নেয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান বলেন, “চালের মালিক এখনো শনাক্ত হয়নি। খাদ্য কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, তারা তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত দিন