অপরাধ
ছবি: সংগৃহীত

অটোরিকশা প্রধান সড়কে উঠতে নিষেধ করায় পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছেন অটোরিকশা চালক।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে ডিউটির সময় এক ট্রাফিক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানার মাছিমপুর এলাকার স্টেশন রোডে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যের নাম মো. সাঈদ (৬০)। তিনি গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগের কনস্টেবল পদে কর্মরত। আটক চালক মো. মুস্তাকিন (৩৫) দত্তপাড়া কসাইবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে দায়িত্ব পালনের সময় কনস্টেবল সাঈদ অটোরিকশাগুলোকে প্রধান সড়কে উঠতে নিষেধ করেন। কিন্তু মুস্তাকিন নির্দেশ অমান্য করে সড়কে প্রবেশের চেষ্টা করলে সাঈদ হাতে থাকা টেস্টার দিয়ে তার রিকশার টায়ার ফাটিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে মুস্তাকিন রিকশা থেকে নেমে কনস্টেবল সাঈদের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।

পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার পরপরই টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযুক্ত মুস্তাকিনকে আটক করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, “ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত দিন