অপরাধ
ছবি: সংগৃহীত

খুলনায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

খুলনা নগরের খালিশপুর থানার হাউজিং বাজার এলাকায় দিবালোকে সবুজ খান (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নুরানি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাজার করতে বের হন সবুজ খান। এ সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে পূর্ব বিরোধের জেরে ১০–১২ জন সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাত, হাঁটু ও শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে জখম হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সকাল ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে অভিযোগ করে বলেন, স্থানীয় কালাম, তার স্ত্রী নাজমা বেগম, তাদের তিন ছেলে সোহেল, সুজন, সাগরসহ আরও কয়েকজন মিলে পরিকল্পিতভাবে তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। তারা এ ঘটনার বিচার ও দোষীদের মৃত্যুদণ্ড দাবি করেন।

নিহতের স্ত্রী শাহিনুর জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে তার ছোট বোন নাজমা ও তার পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নাজমা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মতামত দিন