রাতের আঁধারে সরকারি গাছ কেটে বিক্রি।
রংপুরের পীরগাছায় রাতের আঁধারে সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে একদল প্রভাবশালী স্থানীয়ের বিরুদ্ধে। তাদের মধ্যে রামগোপাল এলাকার জাফর হোসেন নামের এক ব্যক্তি নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৮ অক্টোবর) ভোরে রামগোপাল আনন্দবাজার সংলগ্ন রাস্তার ধারে তিনটি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার সময় স্থানীয়রা বিষয়টি টের পান। পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নির্দেশে গ্রামপুলিশ গিয়ে গাছগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, বিগত কয়েকদিন ধরে একই চক্র রাতের বেলায় রাস্তার দুই পাশে থাকা সরকারি গাছ কেটে বিক্রি করে আসছে। উদ্ধার হওয়া তিনটি গাছের মূল্য প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা হতে পারে বলে তারা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “আমরা নিজের চোখে দেখেছি, জাফর হোসেনসহ কয়েকজন গাছ কাটছিল। সরকারি সম্পদ কেউ নিজের মতো বিক্রি করতে পারে না। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”
অভিযোগের বিষয়ে জাফর হোসেন দাবি করেন, তিনি নিয়ম মেনে গাছগুলো কাটেন।
তাম্বুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. বজলুর রশিদ মুকুল বলেন, “সরকারি সম্পদ রক্ষায় আমরা ব্যবস্থা নিয়েছি। গাছগুলো ইউপি কার্যালয়ে রাখা হয়েছে, তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল জানান, “সরকারি গাছ কাটা দণ্ডনীয় অপরাধ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, দায়ীদের ছাড় দেওয়া হবে না।”

মতামত দিন