ফার্মগেটের হলিক্রস কলেজ গেটের সামনে ককটেল বিস্ফোরণ।
রাজধানীর ফার্মগেটে হলিক্রস কলেজের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের দিকে হঠাৎ অজ্ঞাত কয়েকজন ব্যক্তি কলেজের মূল ফটকের সামনে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়, তবে সৌভাগ্যবশত কেউ হতাহত হয়নি।
ঘটনার খবর পেয়ে তেজগাঁও থানার পুলিশ ও সেনাবাহিনীর টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১১টা পর্যন্ত এলাকাটি নিরাপত্তাবেষ্টিত রাখা হয়।
তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হান্নান বলেন, “সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে বোমা ডিসপোজাল ইউনিট দিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।”
তিনি আরও জানান, কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।

মতামত দিন