অপরাধ
ছবি: সংগৃহীত

পদ্মায় মা ইলিশ শিকার, রাজবাড়ীতে ৯ জেলে গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে ৯ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে দৌলতদিয়া এলাকায় নৌ-পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে কলাবাগান ঘাট সংলগ্ন নদী থেকে প্রায় ছয় হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ মাছ স্থানীয় দৌলতদিয়া খানকা শরিফের এতিমখানায় হস্তান্তর করা হয়।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, নিষেধাজ্ঞা চলাকালে মা ইলিশ রক্ষায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, “মা ইলিশ ধরা বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, জব্দ করা জালগুলো আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে। নিষিদ্ধ সময়কালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

মতামত দিন