অপরাধ
ছবি: সংগৃহীত

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর জামিন নামঞ্জুর।

নিজেস্ব প্রতিবেদক:

মৃত্যুর হুমকি ও শারীরিক নির্যাতনের ভয় দেখিয়ে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও নাকচ করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ জানান, বাদীপক্ষের আবেদনের ভিত্তিতে বিচারক নাসির উদ্দিন সাথীকে মামলাটিতে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন এবং একই সঙ্গে তার পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ১৯ জানুয়ারি নাসির উদ্দিন সাথী তার অফিসের এক নারী কর্মী তূর্য্য রেজাউল কথাকে আমেরিকায় সফরে পাঠান। ভ্রমণ শেষে দেশে ফেরার ২০ দিন পর ওই নারীকে অফিসে ডেকে নাসির কুপ্রস্তাব দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি তাকে ধর্ষণের চেষ্টা করেন।

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, পালানোর চেষ্টা করলে অফিসের অন্য কর্মীরা তাকে আটকে রাখে এবং মারধরসহ মৃত্যুর ভয় দেখিয়ে ৯৮টি ফাঁকা চেক ও ৯টি একশ টাকা মূল্যের খালি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়।

এ ঘটনায় ২০২৪ সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নাসির উদ্দিন সাথীসহ সাতজনের বিরুদ্ধে একটি সিআর মামলা করেন তিনি।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

মতামত দিন