অপরাধ
ছবি: সংগৃহীত

সাবেক এমপি তামান্না নুসরাত বুবলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নরসিংদী জেলা মহিলা বিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলীর দুই দিনের রিমান্ড অনুমোদন করেছেন আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা তেজগাঁও থানা পুলিশ।

এরপর মামলার তদন্তের প্রয়োজনে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন খান।

বুবলীর আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করলেও শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান রিমান্ড আবেদন আংশিক মঞ্জুর করে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে হাজির করে তাকে কারাগারে পাঠানোর আদেশ নেওয়া হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু কর্মী অবৈধভাবে মিছিল নিয়ে জড়ো হন। পরে তারা জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় পরদিন পুলিশ তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে, যেখানে সাবেক এমপি বুবলীকে আসামি করা হয়।

মতামত দিন