ইলিশ প্রজনন মৌসুমে অবৈধ শিকারে দুমকিতে দুই জেলের কারাদণ্ড।
পটুয়াখালীর দুমকিতে ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ শিকারের দায়ে দুই জেলেকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক মঙ্গলবার দুপুরে এ দণ্ড কার্যকর করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের আ. সোবাহান হাং (৫৫) এবং আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের সোহরাফ মৃধা (৫২)। একই সময়ে কাইয়ুম (১৪) নামের অপ্রাপ্তবয়স্ক এক জেলেকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানিয়েছেন, সকাল ১০টার দিকে আঙ্গারিয়া ও পাতাবুনিয়া এলাকার পায়রা নদীতে অভিযান চালিয়ে জেলেদের নৌকা ও জালসহ আটক করা হয়। এই অভিযানে জব্দকৃত ৬০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত দুই জেলেকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ প্রজনন মৌসুম চলাকালীন সময়ে নদীতে নিয়মিত অভিযান চালিয়ে ইলিশ সংরক্ষণ নিশ্চিত করার ঘোষণা দিয়েছে।

মতামত দিন