অপরাধ
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে ইউপিডিএফ আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-সরঞ্জাম উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়ার জঙ্গলে ইউপিডিএফের গোপন ঘাঁটিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সোমবার (৬ অক্টোবর) ভোরে পরিচালিত ওই অভিযানে বেশ কিছু অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোররাতে সেনাসদস্যরা এলাকাটি ঘেরাও করে তল্লাশি চালায়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়।

অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ১৫টি ব্যানার, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম।

আইএসপিআর জানায়, অভিযানের সময় সংগঠনটির সদস্যরা স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীদের দিয়ে জোরপূর্বক সেনা বিরোধী স্লোগান দেওয়ায় বাধ্য করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালায়।

সংস্থাটি আরও জানায়, সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহে স্পষ্ট— ইউপিডিএফ ও তাদের অঙ্গসংগঠনসমূহ পার্বত্য এলাকায় অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে নারী ও শিশুদের নাশকতামূলক কাজে ব্যবহার করছে।

এ ঘটনায় সেনাবাহিনী জানায়, পালিয়ে যাওয়া সদস্যদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব ও পার্বত্য অঞ্চলের মানুষের নিরাপত্তা রক্ষায় যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।

মতামত দিন