অপরাধ
ছবি: সংগৃহীত

যশোরে স্ত্রী ও দুই কন্যা হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড।

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে নিজের স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করার দায়ে জহিরুল ইসলাম ওরফে বাবুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৬ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক জাকির হোসেন টিপু রায় ঘোষণা করেন।

বাবু যশোর সদর উপজেলার জগন্নাথপুর বিশ্বাসপাড়ার মশিউর বিশ্বাসের ছেলে। আদালতে রায় ঘোষণার সময় তিনি উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১৫ জুলাই বাবু নিজের স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি (৩২) ও দুই কন্যা সুমাইয়া (৯) ও সাফিয়া (২)-কে নিয়ে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামের শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। পথে চাঁপাতলা গ্রামে বাবু তাদের শ্বাসরোধে হত্যা করেন এবং মরদেহ যশোর-খুলনা মহাসড়কের পাশে একটি বাগানে ফেলে দেন।

পরবর্তীতে বাবু নিজেই পুলিশকে ঘটনা স্বীকার করেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২২ সালের ৩০ নভেম্বর চার্জশিট আদালতে জমা দেওয়া হয়।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহাবুবুর রহমান জানিয়েছেন, রায় অনুযায়ী বাবুকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

মতামত দিন