অপরাধ
ছবি: সংগৃহীত

ঈশ্বরদীতে ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে ব্যাংকের ম্যানেজার উধাও।

নিজেস্ব প্রতিবেদক:

ঈশ্বরদীতে জনতা ব্যাংক পাকশী শাখার ম্যানেজার খালেদ সাইফুল্লাহ কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন। রোববার (৫ অক্টোবর) দুপুরে ব্যাংকের নগদ অর্থ গ্রহণের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

জনতা ব্যাংক ঈশ্বরদী করপোরেট শাখার ব্যবস্থাপক মোহছানাতুল হক রাতের দিকে ঈশ্বরদী থানায়  এজাহার দায়ের করেছেন। বাদীর বরাত মতে, খালেদ সাইফুল্লাহ রোববার সকাল ১১টা ১৫ মিনিটে দাশুড়িয়া বাজার শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। এরপর ঈশ্বরদী করপোরেট শাখার মাধ্যমে পাকশী শাখার জন্য ১ কোটি টাকা নগদ গ্রহণ করেন। টাকা হস্তান্তরের সময় আনসার সদস্য মাহবুব তার সঙ্গে ছিলেন।

বেলা ১১টা ৪৫ মিনিটে খালেদ এবং আনসার সদস্য মাহবুব প্রাইভেটকারে পাকশী শাখার উদ্দেশে রওনা দেন। গাড়ির চালক ছিলেন ইসমাইল হোসেন। তবে শাখায় পৌঁছানোর কথা জানালেও খালেদ এরপর থেকে ফোনে সংযুক্ত ছিলেন না।

আনসার সদস্য মাহবুব জানান, ব্যাংকের সামনে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল এবং খালেদ গাড়ি নিয়ে চলে যান। বিকেল ৩টা ৩০ মিনিটে শাখার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পৌঁছাননি। আতঙ্কিত হয়ে ব্যাংক কর্মকর্তারা পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করেন এবং পরে ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, ব্যাংকের টাকা উত্তোলন বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে জানা গেছে। রাতের দিকে এজাহার দাখিল করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি দুদকেও অন্তর্ভুক্ত করা হবে।

মতামত দিন