ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, দুজন গ্রেপ্তার।
ময়মনসিংহের তারাকান্দায় স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিনকে (৬০) দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নলচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন বানিহালা ইউনিয়নের ইউপি সদস্য ও নলচাপড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে। হত্যাকাণ্ডের প্রাথমিক ধারণা অনুসারে, এটি পূর্ব শত্রুতার জের হতে পারে।
পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- নলচাপড়া গ্রামের ইছমাঈলের ছেলে কছিম উদ্দিন (৫৫) এবং মিরাশ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।
পরিবারের বরাত মতে, জামাল উদ্দিন প্রতিদিন মাদ্রাসায় পড়াশোনা করা মেয়েকে রাতের খাবার দিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হাতে গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান, হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্ত ও মরদেহের ময়নাতদন্তের জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মতামত দিন