বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা।
বাগেরহাটে দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার ও স্থানীয় বিএনপি নেতা হায়াত উদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় হামলার শিকার হন তিনি।
নিহত হায়াত উদ্দিন শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বিএনপির সংগঠনিক পদেও সক্রিয় ছিলেন; এর আগে পৌর আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন এবং সাম্প্রতিক সময়ে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি চায়ের দোকানে বসে ছিলেন হায়াত উদ্দিন। হঠাৎ দুটি মোটরসাইকেলে করে এসে ৪-৫ জন যুবক তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে এবং তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান, এরপর গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হাসান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডে ধারালো অস্ত্রের পাশাপাশি হাতুড়ি ব্যবহার করা হয়েছে। পুলিশ নিহতের হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ময়নাতদন্তও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।

মতামত দিন