চট্টগ্রামে মাদক দ্বন্দ্বে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধ কিশোরসহ চারজন আহত।
চট্টগ্রামের সদরঘাট এলাকায় মাদক ব্যবসার দ্বন্দ্বে মধ্যরাতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে রিয়াদ হাসান (১৫) নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়েছেন।
ঘটনাটি বুধবার (২ অক্টোবর) রাতে সদরঘাটের মহব্বত গলি, পুরাতন কাস্টম পূর্ব মাদারবাড়ি এলাকায় সংঘটিত হয়। স্থানীয়রা জানান, এলাকায় মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিনের শত্রুতার জেরে এই হামলা ঘটেছে।
চমেক হাসপাতাল সূত্র জানায়, রিয়াদ হাসানের পিঠ থেকে গুলি বের করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন। অন্য তিনজন—নুরুদ্দিন (২৪), আরমান (২৫) ও সাইফুল (২০)—প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।
পুলিশ জানায়, জাহাঙ্গীর মাঝি সদরঘাটে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। ১৪ সেপ্টেম্বর রাতে সেনাবাহিনী তাকে বিপুল ইয়াবাসহ গ্রেপ্তার করে। এরপর এলাকায় শান্তি ফিরে আসলেও বুধবার রাতে তিনটি মোটরসাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত সশস্ত্র হামলা চালিয়ে পালিয়ে যায়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম বলেন, হামলাকারীরা আনোয়ারা উপজেলার হতে পারে। পুলিশ এলাকায় টহল ও অভিযান জোরদার করেছে। আহতদের পরিবারের কেউ মামলা করেননি, তবে মামলা হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন