খুলনায় ঘুমন্ত অবস্থায় বাড়ির জানালা দিয়ে গুলি করে যুবককে হত্যা।
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে তানভির হাসান শুভ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকায় নিজের বাড়িতে জানালা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
নিহত শুভ ওই এলাকার আবুল বাশারের ছেলে। তিনি দীর্ঘদিন একটি প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেছেন। সম্প্রতি তিনি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় নিজ কক্ষে গেম খেলতে খেলতে শুভ ঘুমিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা হঠাৎ শব্দ শুনে ছুটে গেলে দেখা যায় জানালা খুলে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। তার মাথায় দুটি ও হাতে একটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ খুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে জানালা দিয়ে গুলি চালানো হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে এবং হত্যার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

মতামত দিন