পাবনায় ট্রেন ছাড়তে দেরি হওয়ায় ক্ষুব্ধ যাত্রীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ।
পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর রেলস্টেশনে ট্রেন ছাড়তে দেরি হওয়াকে কেন্দ্র করে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনায় কয়েকজন আহত হন।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। মেরামত কাজ চলমান থাকায় রাত সাড়ে ৮টার দিকে একতা এক্সপ্রেসকে শরৎনগর স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। দীর্ঘ সময় ট্রেন ছাড়তে না পারায় যাত্রীরা উত্তেজিত হয়ে ওঠেন।
প্রথমে তারা স্টেশন মাস্টার তাওহীদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন এবং পরে ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তিনি পাশের মসজিদে আশ্রয় নেন। পরে মসজিদের মাইক ব্যবহার করে স্থানীয়দের ডাকলে তারা এসে যাত্রীদের প্রতিরোধ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রেনটিকে এক কিলোমিটার দূরে সরিয়ে নেয়। রাত ১০টা ১০ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়।
এ ঘটনায় স্থানীয় দুই যুবক কামরুল হাসান রিফাত ও আকাশ আহত হন। ট্রেনের কয়েকজন যাত্রীও আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তাদের নাম পরিচয় মেলেনি।
শরৎনগর স্টেশন মাস্টার মো. তাওহীদ হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত রেললাইনের কারণে কন্ট্রোল রুমের নির্দেশে ট্রেন থামিয়ে রাখা হয়েছিল। এ সময় যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাত্রী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তবে এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি।

মতামত দিন