ময়মনসিংহের ত্রিশালে রেস্তোরাঁয় সরবরাহের আগে তিন বস্তা মরা মুরগি জব্দ।
ময়মনসিংহের ত্রিশালে রেস্তোরাঁয় সরবরাহের উদ্দেশ্যে নেওয়া তিন বস্তা মরা মুরগি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুজনকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিপাড়া মোড় থেকে এই মরা মুরগি জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান।
আটক হওয়া দুজন হলেন গফাকুড়ি মোড় এলাকার গোলাম মোস্তফার ছেলে লিখন (২৫) ও সিয়াম (১২)। তারা ভ্যানগাড়িতে করে বস্তাভর্তি মুরগি নিয়ে স্থানীয় বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় সরবরাহ করতে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদা প্লাস্টিকের বস্তায় এসব মরা মুরগি জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন খাদ্য বাজারজাত বা বিক্রির চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।

মতামত দিন