অপরাধ
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে শিশু তাইয়েবা হত্যা মামলায় চাচিসহ দুজন রিমান্ডে।

নিজেস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের সখিপুরে ছয় বছরের শিশু তাইয়েবা হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তার চাচি আয়শা বেগম ও সহযোগী আসিফ বেপারীকে। আদালত তাঁদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে।

অপর আসামি নাসিমা আক্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারদের আদালতে হাজির করা হয়। পুলিশের আবেদনে সাত দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত নিরাপত্তাজনিত কারণে দুই দিন মঞ্জুর করেন।

এর আগে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ তাইয়েবার মরদেহ উদ্ধার করা হয়। সে ছিল স্থানীয় দারুল নাজার মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার দুই দিন আগে বুধবার বিকেলে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল। নিহত তাইয়েবা টিটু সরদারের মেয়ে। তিনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার সকালে বিক্ষুব্ধ জনতা মানববন্ধন ও থানার সামনে ঘেরাও কর্মসূচি পালন করে দোষীদের নাম প্রকাশ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

শিশুটির বাবা টিটু সরদার সাংবাদিকদের বলেন, “আমার ফুলের মতো মেয়েকে তারা হত্যা করেছে। আমি ন্যায়বিচার চাই, যেন আর কোনো অভিভাবকের সন্তান এভাবে নিরাপত্তাহীন না হয়।”

সখিপুর থানার ওসি ওবায়দুল হক জানান, আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ  তদন্ত করা হবে। ন্যায়সঙ্গত ও দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

মতামত দিন