সাদাপাথর পর্যটনকেন্দ্রে দোকান বসানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫।
সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্রের ১০ নম্বর ঘাট এলাকায় দোকান বসানোর বিরোধে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলাগঞ্জের পর্যটনকেন্দ্রের সরকারি জায়গায় কেউ যেখানে খুশি সেখানে দোকান বসিয়ে ব্যবসা চালাচ্ছেন। এ সময় লিটন আলী (৩৮) ঝালমুড়ি বিক্রি করতে গেলে তাঁর ও মোহাম্মদ রায়হান উদ্দিনের (২৫) মধ্যে বাক্যবিতণ্ডা শুরু হয়। পরে লিটনের ছেলে রহিম মিয়া বাবার পক্ষ নিয়ে যুক্ত হওয়ায় দ্বন্দ্ব হাতাহাতিতে রূপ নেয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
ঘটনার ফলে সাদাপাথর এলাকায় পর্যটকরা আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে এলাকা ত্যাগ করেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, দোকান বসানোর বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আটক পাঁচজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মতামত দিন