নরসিংদীর পলাশে প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার।
নরসিংদীর পলাশে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘোড়াশালের রেললাইনের নিচ থেকে আব্দুল গনি নামে এক প্রবাসীর পাঁচ খণ্ড করা মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত আব্দুল গনি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আঁটিয়াগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
নিহতের ভাই মনির হোসেন জানান, আব্দুল গনি দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে কর্মরত ছিলেন। এই মাসে ছুটি নিয়ে তিনি নিজ গ্রামের বাড়িতে এসেছিলেন। ২৯ সেপ্টেম্বর আবার সিঙ্গাপুরে ফেরার কথা ছিল।
মনির হোসেন বলেন, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে আব্দুল গণির স্ত্রী তার মোবাইল বন্ধ থাকার বিষয়টি জানালে, পরিবারের সদস্যরা এবং স্থানীয় পুলিশ খোঁজাখুঁজি শুরু করেন।রাত ১টা ৪১ মিনিটে এবং ফজরের সময় তার ফোনে সংযোগ পাওয়া গেলেও পরে আবার বন্ধ হয়ে যায়। শনিবার সকালে স্থানীয়রা রেললাইনের পাশে তার খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে মৃতের পরিচয় নিশ্চিত করেন তার ভাই।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই নাজিম উদ্দিন জানিয়েছেন, সকাল সাড়ে ৭টায় খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তাকে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মতামত দিন