অপরাধ
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা।

নিজেস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া এলাকায় ভেজাল সার বিক্রি ও মজুদ করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে ভেজাল সার বিক্রির প্রমাণ মেলে।

অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, কামরুল হাসানের মালিকানাধীন মেসার্স কামরুল ট্রেডার্সকে জরিমানা করা হয়েছে। এক মাস আগে প্রতিষ্ঠানটির গুদাম থেকে সন্দেহজনক আট বস্তা বাংলা টিএসপি সার জব্দ করে কৃষি অফিসে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে তা ভেজাল প্রমাণিত হয়।

এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীকেও সতর্ক করা হয়। সঠিক মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত দামে লেনদেন, রশিদ সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন সার-বীজ-কীটনাশক বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

মতামত দিন