৭ হাজারের বেশি ইয়াবাসহ বিমানবন্দরে ২ নারী আটক।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দুই নারীকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট।
গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন— রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০)। এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা কক্সবাজার থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিএস-১৪৬ ফ্লাইটে ঢাকায় পৌঁছান। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনেই মাদক বহনের কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা ট্রলি ব্যাগ পরীক্ষা করে হাতলের স্টিল পাইপের ভেতর থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া সালোয়ারের ভেতর থেকে আরও ১ হাজার ৭৮০ পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেপ্তার নারীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মতামত দিন