রাজধানীতে নিষিদ্ধ মিছিলে অংশগ্রহণের অভিযোগে আ'লীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার।
রাজধানীতে অবৈধ মিছিলে অংশগ্রহণের অভিযোগে ১৩ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন: ছাত্রলীগের খিলক্ষেত থানা শাখার সহ-সভাপতি কাজী আইনুল আসিফ (২৬), যশোরের ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নিছার আলী (৫৫), সূত্রাপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সূত্রাপুর থানা ৪৪নং ওয়ার্ড বেগমগঞ্জ ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আমিনুল হক ফয়সাল (৪৫), ছাত্রলীগ কর্মী মো. আকাশ (২৫), ঢাকা মহানগর দক্ষিণের আইন বিষয়ক সম্পাদক মো. মুরসালিন তালুকদার (৩৪), আওয়ামী লীগের কর্মী মো. রিপন (৩৮), কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহম্মদ আনিসুর রহমান (৫৭), বরগুনা আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাহবুবুল ইসলাম (৩৪), উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুসরাত জাহান লিমা (৪৬), ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি এএসএম আল সনেট (৩৬), লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. বেলাল হোসেন তুহিন (২৯), মানিকগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. আরশেদ আলী বিশ্বাস (৫৭) এবং তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অভিমুন্য বিশ্বাস অভি (৩৫)।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে বাড্ডা থানার লিংক রোড থেকে কাজী আইনুল আসিফকে এবং দুপুর ১২টা ৪৫ মিনিটে মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকা থেকে মোহাম্মদ নিছার আলীকে গ্রেপ্তার করা হয়। একইদিন রাত ৮টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে আমিনুল হক ফয়সাল, আর মঙ্গলবার দুপুরে বাড্ডা থেকে মো. আকাশকে আটক করা হয়।
অন্যদিকে সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তেজগাঁও এলাকা থেকে মুরসালিন তালুকদার, রাত ৮টা ২০ মিনিটে রমনার বেইলি রোড থেকে এএসএম আল সনেট, রাত ১০টার দিকে বনশ্রী থেকে মো. রিপন, মো. মাহবুবুল ইসলাম ও নুসরাত জাহান লিমা, রাত ১১টা ৩০ মিনিটে ধানমন্ডি থেকে মুহম্মদ আনিসুর রহমানকে আটক করা হয়।
ডিবি উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার ভোর ১টা ২৫ মিনিটে লালবাগের রসুলবাগ থেকে মো. বেলাল হোসেন তুহিন, সকাল ৬টা ৩০ মিনিটে রামপুরা থেকে অভিমুন্য বিশ্বাস অভি এবং সকাল ৭টা ১৫ মিনিটে মুগদা এলাকা থেকে মো. আরশেদ আলী বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মাহবুবুল ইসলামের বিরুদ্ধে বরগুনার আমতলী থানায় একাধিক মামলা রয়েছে।

মতামত দিন