গাজীপুর সিটির নামাবাজারে প্রতিমা ভাঙচুর: দুই কিশোর আটক।
গাজীপুর সিটির কাশিমপুর থানাধীন নামাবাজার এলাকায় একটি মণ্ডপে নির্মাণাধীন প্রতিমা ভাঙার ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ।প্রথমে একজনকে সোমবার রাতেই ও অন্যজনকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. জাহিদুল হাসান জানিয়েছেন, অভিযুক্তরা পুলিশের কাছে স্বীকার করেছে যে তারা প্রতিমা তৈরির কাজ দেখার সময় কারিগরদের আচরণে ক্ষুব্ধ হয়ে প্রতিমা ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল।
কমিশনার জাহিদুল বলেন, “অপ্রাপ্তবয়স্কদের কারণে এই ঘটনাটির তদন্ত আরও নিবিড়ভাবে করা হবে এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূজা কমিটির সদস্যরা নামাবাজার মণ্ডপে কিছু প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান। পূজা আয়োজনকারী অগ্রগামী যুব সংঘের সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার জানান, বিকেল ৪ থেকে ৬টার মধ্যে অজ্ঞাত ব্যক্তিরা প্রতিমা ভাঙচুর করে।
প্রতিমা ভাঙার খবর পেয়ে গাজীপুর পুলিশের উপকমিশনার, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাশিমপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

মতামত দিন