পাবনায় ঘাট দখলকে কেন্দ্র করে সংঘর্ষ গোলাগুলি,বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ আহত ১০।
পাবনার বেড়া পৌর এলাকায় নদীর ঘাট দখল ও নিয়ন্ত্রণ নিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৃশালিখা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর এলাকা হিসেবে পরিচিত এই ঘাট আগে আওয়ামী লীগের প্রভাবাধীন ছিল। তবে গত বছরের ৫ আগস্টের পর থেকে স্থানীয় বিএনপির একটি অংশ আওয়ামী নেতাদের সঙ্গে সমঝোতায় ঘাটের নিয়ন্ত্রণ নেয়। পরবর্তীতে বিএনপির অপর গ্রুপ, নেতা হাসান আলীর নেতৃত্বে, নিয়ন্ত্রণ দখলের চেষ্টা চালালে সোমবার দুপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় উত্তেজনা।
ঘটনার সময় উভয় পক্ষই গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাসদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।
বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, “এটি চাঁদাবাজ চক্র ও নামধারী বিএনপির মধ্যকার সংঘর্ষ। কারা চাঁদাবাজি করছে, সে বিষয়ে কিছু বলার প্রয়োজন মনে করি না।”
বেড়া মডেল থানার ওসি একে এম হাবিবুল ইসলাম জানান, সংঘর্ষে বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের লোকজন জড়িত ছিল। “গুলির ঘটনা ঘটেছে, সেনাবাহিনীসহ আমরা এলাকায় আছি। বিস্তারিত পরে জানানো হবে।”

মতামত দিন