সাবেক ভূমিমন্ত্রীসহ ২০ জনের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলা,ইন্টারপোলে রেড নোটিশের আবেদন মঞ্জুর।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ ও আরও ২০ জনকে আসামি করে তিনটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুষ লেনদেন ও অনিয়মের অভিযোগে রোববার (২১ সেপ্টেম্বর) এসব মামলা করা হয়।
এর মাত্র একদিন আগে, শনিবার রাতে (২০ সেপ্টেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় আরামিট গ্রুপের মালিকানাধীন একটি ভবনে অভিযান চালায় দুদক। সেখান থেকে বিদেশে অর্জিত অবৈধ সম্পদের প্রমাণ-সংবলিত ২৩ বস্তা নথি জব্দ করা হয়।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই ও সিঙ্গাপুরে শত শত সম্পদের পাশাপাশি ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়াতেও সাবেক মন্ত্রীর অবৈধ সম্পত্তির তথ্য পাওয়া গেছে। ভোর রাত সোয়া ৪টার দিকে স্থানীয় প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। নথিগুলোতে বাড়ি ক্রয়, ভাড়া থেকে আয় ও মানিলন্ডারিংয়ের সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে।
তদন্তে বেরিয়ে এসেছে, ১৬ সেপ্টেম্বর কালুরঘাটে আরামিট গ্রুপের কারখানা থেকে এসব নথি ড্রাইভার মো. ইলিয়াস তালুকদার সরিয়ে নেন। পরে তিনি নথিগুলো ওসমান তালুকদারের বাড়িতে রেখে দেন, যেখান থেকে দুদক উদ্ধার করে।
এ ছাড়া, আরামিট গ্রুপভুক্ত ভুয়া প্রতিষ্ঠান "ভিশন ট্রেডিং"-এর নামে ঋণ অনুমোদন করে ২৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায়ও সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে আবেদন জানায় দুদক। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) আবদুর রহমান ওই আবেদনের ভিত্তিতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেন।

মতামত দিন