নরসিংদীর মনোহরদীতে নদীর পাড় থেকে একাধিক মামলার আসামির মরদেহ উদ্ধার।
নরসিংদীর মনোহরদী উপজেলার ব্রহ্মপুত্র নদীর পাড় থেকে শনিবার দুপুরে রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবক কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার চরপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা নদীর পাড়ে অচেনা একজনের মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে জানায়। পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে এবং সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে কাপাসিয়া উপজেলার সনমানিয়া এলাকায় একদল চোর গরু চুরি করতে গিয়ে ধাওয়া খেয়ে মনোহরদীতে প্রবেশের সময় পিকআপভ্যানের চাকা কাদায় আটকে যায়। চোরেরা গাড়ি ফেলে পালিয়ে যায়। গাড়ি থেকে চুরি করা তিনটি গরু, ধারালো অস্ত্র ও তালার কাটার উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রুবেল ওই চক্রের সদস্য ছিলেন। নদী সাঁতরে পালানোর সময় তিনি ডুবে মারা গেছেন।
মনোহরদী থানার ওসি (তদন্ত) মাহাতাবুর রহমান বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। রুবেলের বিরুদ্ধে কিশোরগঞ্জ ও নরসিংদী এলাকায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির ঘটনায় পালানোর সময় তার মৃত্যু হয়েছে। মরদেহ নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত দিন