মাদারীপুরে রাকিবকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার।
মাদারীপুরে কলেজ শিক্ষার্থী রাকিব মাদবরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিবচর উপজেলার পূর্ব কাকৈর গ্রামের খালেক সরদারের ছেলে নুর আফজাল ওরফে রানা সরদার (৩২) এবং কেরানীবাট গ্রামের হারুন সরদারের ছেলে সিয়াম সরদার (২২)। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড ও নারায়ণগঞ্জের খানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়। পরে তাদের শিবচর থানায় হস্তান্তর করা হয়।
নিহত রাকিব শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের বাসিন্দা নাসির মাদবরের ছেলে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
১৪ সেপ্টেম্বর রাতে শিবচর পৌর বাজারের ইউসিবি ব্যাংক এটিএম বুথের সামনে একা দাঁড়িয়ে থাকা অবস্থায় রাকিবের ওপর প্রতিপক্ষরা চাইনিজ কুড়াল দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেলে স্থানান্তরের পথে তার মৃত্যু হয়। হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
পরদিন নিহতের মা পারুল আক্তার ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শিবচর থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সরদারের লোকজন ও রাকিবদের পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত ৬ মে সংঘর্ষে আবুল কালামের ছেলে ইবনে সামাদ নিহত হন। সেই মামলায় গ্রেপ্তার হয়ে রাকিব সম্প্রতি জামিনে মুক্তি পান এবং এলাকায় ফেরেন।
মতামত দিন