মহাসড়কে রশির ফাঁদ পেতে ডাকাতি মারধর ও সম্পদ লুট, নিহত ১ আহত ৪।
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় বৃহস্পতিবার মধ্যরাত ১২টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। এতে এক যুবক নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন।
নিহত যুবকের নাম মাহমুদুল হক (৩৩)। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার বাসিন্দা। আহতদের পরিচয় এখনও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, ডাকাতরা মহাসড়কে রশির ফাঁদ পেতে যানবাহন চলাচল ব্যাহত করছিল। ওই সময় দুটি মোটরসাইকেল সেখানে গেলে আরোহীদের আটকে মারধর করা হয় এবং তাদের কাছ থেকে সব সম্পদ লুট করা হয়।
আহতরা দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মাহমুদুল হককে মৃত ঘোষণা করেন।
ওসি তৌহিদুল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তদের ধরার জন্য তৎপর রয়েছে।

মতামত দিন