অপরাধ
ছবি: সংগৃহীত

ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার এক আদালত অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত রায় ঘোষণা করেন।

প্রতিটি আসামির ওপর ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। যদি অর্থদণ্ড পরিশোধ না করা হয়, তবে অতিরিক্ত তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বাদীপক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা জানান, আসামিরা সাধারণ মানুষের বিশ্বাসভঙ্গ করে প্রতারণা করেছেন। এই রায়ের মাধ্যমে কিছুটা হলেও ভুক্তভোগীরা ন্যায়বিচারের স্বাদ পাবেন, তবে তিনি মনে করেন এটি যথেষ্ট নয়।

মামলাটি ২০২৩ সালের ৭ ডিসেম্বর দায়ের করা হয়। ভুক্তভোগী মো. আবুল কালাম আজাদ অভিযোগ করেন যে, আসামিরা ইভ্যালি কোম্পানির মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছেন। বিজ্ঞাপনের মাধ্যমে আকর্ষণ তৈরি করে বিভিন্ন পণ্যের অফার দেখানো হলেও, পণ্য সরবরাহ করা হয়নি। বাদী ২৩ লাখ টাকা দিয়ে ১১টি মোটরসাইকেল ক্রয় করার পরও, প্রতারণামূলক প্রক্রিয়ায় কোম্পানিটি পণ্য সরবরাহ না করে প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করেছে।

বিচারকালে তিনজনের সাক্ষ্যগ্রহণের পর রায় প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন না। একই অভিযোগে ইভ্যালির বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রয়েছে, যার মধ্যে অনেকের ক্ষেত্রে ইতিমধ্যেই সাজা প্রদান করা হয়েছে।

মতামত দিন