সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশের আবেদন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির জন্য আবেদন করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিনিয়র মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালতে এই আবেদন দায়ের করা হয়।
দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত এই আবেদনটি ২১ সেপ্টেম্বর শুনানির জন্য নির্ধারণ করেছে।
দুদক তদন্তে জানা গেছে, প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমিলা জামান এবং ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ প্রায় অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে মামলার তদন্ত চলছে। বাংলাদেশের আদালত ইতিমধ্যে তাদের বিদেশে থাকা সম্পত্তি ক্রোক ও ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন। যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি অ্যাপার্টমেন্ট, বাড়ি ও জমিসহ অন্যান্য স্থাবর সম্পদ ফ্রিজ করা হয়েছে।
এছাড়া, গত ৫ মার্চ আদালত তাদের ৩৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দেন। এসব হিসাবের মধ্যে ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা রয়েছে। দুদকের আবেদনের পর আদালত সাইফুজ্জামানের ১০২ কোটি টাকার শেয়ার এবং ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ দিয়েছেন। ২০২৪ সালের ৭ অক্টোবর আদালত সাবেক মন্ত্রী ও তার স্ত্রীকে দেশত্যাগে নিষিদ্ধ করেছেন।
মতামত দিন