ভারতে পালানোর চেষ্টা করার সময় ধরা পড়েছেন সাবেক এমপির সহকারী ইরফান আহমেদ।
ভারতে পালানোর চেষ্টা ব্যর্থ হলো চট্টগ্রামের রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদের (৫২)। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাউজান উপজেলা শাখার সহ-সভাপতি পদে ছিলেন ইরফান আহমেদ।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুস সাত্তার জানান, ভারতে প্রবেশের সময় ইরফান আহমেদ চৌধুরী নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটপাটসহ একাধিক মামলার তথ্য রয়েছে। রাউজান থানার ওসির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন