সিলেটে ইবনে সিনা হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে হামলা-ভাঙচুর।
সিলেট নগরের ইবনে সিনা হাসপাতালে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচজন রোগীর স্বজন আহত হয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ৪ সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর সড়কে একটি ট্রাক ও দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ মোকামটিলার তানিম আহমেদ। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তানিমের মৃত্যু হয়।
রোগীর মৃত্যুর পর স্বজনরা চিকিৎসা অবহেলার অভিযোগে হাসপাতালের ভাঙচুর শুরু করেন। হাসপাতালের কর্মচারীরা তাদের ওপর প্রতিরক্ষা হামলা চালালে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। তবে সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান দাবি করেন, ঘটনার সঙ্গে রোগীর স্বজনরা সরাসরি জড়িত নয়; তৃতীয় পক্ষই হামলার ঘটনা ঘটিয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, হাসপাতালে সংঘর্ষের ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরে রাত ১২টার দিকে সিলেট মহানগর বিএনপির শীর্ষ নেতাদের উদ্যোগে হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের মধ্যে সমঝোতা হয়। বৈঠকের পর তানিমের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন