অপরাধ
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণের সাবেক সিইওসহ ৬ জনের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির মামলা।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলইডি বিলবোর্ড স্থাপন সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের প্রায় ২৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলালসহ ছয়জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন— ডিএসসিসির সাবেক সিইও খান মোহাম্মদ বিলাল, চাকরিচ্যুত উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, টিসিএল অপটোইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খান, বেস্টওয়ান কোম্পানির মালিক মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্সের মালিক গাফ্ফার ইলাহী এবং জি-টেকের মালিক সুলতানা দিল আফরোজা।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে জানা গেছে, সিটি করপোরেশনের নিজস্ব জমি ও ভবন বা অন্য সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের জায়গায় এলইডি সাইন বরাদ্দের জন্য প্রতি বর্গফুটে নির্ধারিত ছিল ২০ হাজার টাকা। তবে আসামিরা মাত্র ৮০০ টাকা দেখিয়ে সরকারের কাছ থেকে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়েছেন। এর মাধ্যমে ২৫ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকার ক্ষতি হয়েছে বলে প্রমাণিত হয়েছে।

রাজস্ব ফাঁকি ও আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, যা দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার আওতায় হয়েছে। এছাড়া, তিনজনের বিরুদ্ধে যাঁরা গোপন সম্পদ অর্জনের অভিযোগে রয়েছেন—ডিএসসিসির উপ-কর কর্মকর্তা দেওয়ান আলীম আল রাজী, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও রাজস্ব কর্মকর্তা নাসির উদ্দিন—তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।

মতামত দিন