নওগাঁয় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, দুই পাচারকারী গ্রেপ্তার।
নওগাঁর ধামইরহাট উপজেলায় কালো কষ্টি পাথরের পার্বতী মূর্তি উদ্ধার করেছে র্যাব-৫। এ ঘটনায় পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের দিন সোমবার উপজেলার বেনিদুয়ার এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় মামদুল ইসলাম (৪৫) এবং তরিকুল ইসলাম (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মামদুল জয়জয়পুর গ্রামের মৃত ছয়েফ উদ্দিন মন্ডলের ছেলে আর তরিকুল দুর্গাপুর এলাকার ময়েন উদ্দিন মন্ডলের ছেলে। তারা দীর্ঘদিন ধরে প্রাচীন পুরাকীর্তি পাচারের সঙ্গে জড়িত বলে র্যাব জানিয়েছে।
উদ্ধারকৃত মূর্তির উচ্চতা ২৪ দশমিক ৫ ইঞ্চি এবং ওজন ২৫ দশমিক ১ কেজি। এর বাজারমূল্য আনুমানিক ৮০ লাখ টাকা।
র্যাব বলছে, এই চক্রটি বিভিন্ন জায়গা থেকে কষ্টি পাথরের মূর্তি অবৈধভাবে সংগ্রহ করে সীমান্ত পেরিয়ে পাচারের চেষ্টা করত। কয়েকদিন ধরে তাদের গতিবিধি নজরদারিতে রাখার পর গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে আটক আসামিদের ও উদ্ধারকৃত মূর্তি ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

মতামত দিন