ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীর,পাঁচতলা ভবন,বিদেশে সন্তান,কোটি টাকার চাঁদাবাজি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিযুক্ত তিন ব্যক্তি আয় এবং সম্পদের দিক থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ীকে টপকে গেছেন। বেতন মাত্র ৭০ হাজার টাকা হলেও তারা কয়েক তলা ভবনের মালিক, ব্যবসা পরিচালনা করছেন, এবং সন্তানদের বিদেশে পড়াশোনার সুযোগ দিয়েছেন।
তিনজন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে আছেন— আব্দুল লতিফ, আব্দুল জলিল এবং এখলাছ। তারা শুধুমাত্র শ্রমিক নন; দীর্ঘদিন ধরে ইউনিয়নের নেতৃত্বও পালন করছেন। অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি এবং জালিয়াতির ঘটনাও রয়েছে।
আব্দুল লতিফের কথা বললে, তিনি শুধু পরিচ্ছন্নতাকর্মী নন, স্কেলিং ভেঞ্চারস অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদকও। এছাড়া তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। ঝাড়ুদার হিসেবে কর্মজীবন শুরু হলেও এখন হাজারীবাগে ছয়তলা ভবনের একাধিক ফ্ল্যাটে বসবাস করছেন। স্ত্রীর স্বীকারোক্তি অনুযায়ী, এই ভবনের একটি ফ্ল্যাট তাদের।
অনুসন্ধানে জানা গেছে, ১৬ বছরে লতিফ সংগঠনের সদস্যদের কাছ থেকে প্রায় ৭০ কোটি টাকা চাঁদা তুলেছেন। এছাড়া সিটি কর্পোরেশনের কোয়ার্টার পাইয়ে দেওয়ার নামে একটি ভবনের বাসিন্দাদের কাছ থেকে ৪৮ লাখ টাকা নেন। ঢাকায় আরও দুটি ফ্ল্যাট, কুমিল্লার হোমনায় বিভিন্ন সম্পত্তি, দোকান ও ফার্মেসি তার নামে রয়েছে। তার ছেলেকে কানাডায় পাঠানো হয়েছে।
আব্দুল জলিল ২০১৯ সাল পর্যন্ত মাসিক ৭০,২৫০ টাকা বেতন পেতেন। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর রায়েরবাগে তিনতলা ভবনের মালিক। সহকর্মীদের দাবি, কামরাঙ্গীরচরেও তার আরও সম্পত্তি আছে। অভিযোগ অস্বীকার করলেও বেতনের তুলনায় সম্পদের পরিমাণ অস্বাভাবিক।
এখলাছ কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় পাঁচতলা ভবনের মালিক। পাশের নির্মাণাধীন ভবনেও তার শেয়ার রয়েছে। তবুও তিনি সিটি কর্পোরেশনের কোয়ার্টারে ফ্ল্যাটে বসবাস চালিয়ে যাচ্ছেন।
সহকর্মীরা আরও অভিযোগ করেছেন, এই ধনী ঝাড়ুদাররা নিজে কাজ না করে দায়িত্ব অন্যদের দেন। কেউ ছুটিতে থেকে অর্ধেক বেতন নিজের জন্য রাখেন, বাকি প্রক্সি কর্মীকে দেন। এক শ্রমিক জানান, “যাদের ট্যাগ আছে, তাদেরই চাকরি হয়। বাকিরা সুযোগ পায় না।”
অনুসন্ধানে দেখা গেছে, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকা এই নেতারা বর্তমানে বিএনপির সঙ্গে পরিচিতি স্থাপনের চেষ্টা করছেন। অভিযোগ আছে, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তারা অর্থ এবং ক্ষমতার দখল নিয়েছেন।
মতামত দিন