নেত্রকোনায় মানবপাচারের অভিযোগে চীনা নাগরিকসহ দুইজন গ্রেপ্তার, তিনজন উদ্ধার।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মানবপাচারের অভিযোগে পুলিশ এক চীনা নাগরিক ও এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। এ সময় তিনজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে কেন্দুয়া পৌরশহরের কমলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চীনা নাগরিক লি ওই হাও (Li-Wei-Hao) এবং সন্দেহভাজন দালাল মো. ফরিদুল ইসলাম।
ভুক্তভোগীদের মধ্যে আলফা আক্তার (১৮) কেন্দুয়া পৌরশহরের কমলপুর এলাকার রুবেল মিয়ারের মেয়ে। পুলিশের তথ্য অনুযায়ী, আরও দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। তারা হলেন গগডা গ্রামের মহর উ দ্দিনের মেয়ে লিজা আক্তার (২০) এবং জামালপুরের মেলান্দহ উপজেলার গোপীনদী গ্রামের মৃত বছর উদ্দিনের কন্যা বৃষ্টি (১৭)।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানিয়েছেন, লি ওই হাও গত ১ সেপ্টেম্বর আলফা আক্তারকে বিয়ে করেছেন। তিনি ২০ সেপ্টেম্বর নববধূকে সঙ্গে নিয়ে চীন যাওয়ার পরিকল্পনা করেন এবং পরিবারকে এক লাখ টাকার আশ্বাস দেন। এ সময় তার সঙ্গে ছিলেন ফরিদুল ইসলাম ও দুই তরুণী।
ওসি আরও জানান, আলফা আক্তারের পরিবার বৈধ কাগজপত্র চাওয়ায় লি ওই হাও তা দেখাতে ব্যর্থ হন। একইভাবে ফরিদুল ইসলামও কোনো বৈধ প্রমাণ দেখাতে পারেননি। এতে পরিবারের সন্দেহ বেড়ে যায় এবং তারা পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ায় মানবপাচারের অভিযোগে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া তিন তরুণীকে ভিকটিম হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ বলেছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, বিয়ের প্রলোভনে মানবপাচারে জড়িত চীনা নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন