অপরাধ
ছবি: সংগৃহীত

নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি পাভেলের ২ দিনের রিমান্ড।

নিজেস্ব প্রতিবেদক:

নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ-উর-রহমানের আদালত এই আদেশ দেন।

আদালতে হাজির করা হয় আসামিকে। মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক সিয়াম আহমেদ পাভেলের সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী এমারত হোসেন বাচ্চু ও এস এম শরিফুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিনের জন্য আবেদন জানান। উভয়পক্ষের শুনানির পর বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট নিউমার্কেট থানাধীন ২নং গেট এলাকায় একটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে আসামিরা গুলি চালান। এতে হাবিবুর রহমানসহ ঢাকা কলেজের শিক্ষার্থী মো. মাজেদুল ইসলাম, মেহেদী হাসান, মাহাবুব, নাহিদ, রাসেল, মিরাজ, ইডেন কলেজের সাম্মী আক্তার, সিটি কলেজের হাফিজা আক্তার ও জান্নাতুল ফেরদৌস নাঈমা আহত হন।

এই ঘটনায় ২৬ আগস্ট ২০২৪ সালে রাজধানীর নিউমার্কেট থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। এর আগে ৪ সেপ্টেম্বর ঢাকার লালমাটিয়া এলাকা থেকে পাভেলকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন ঢাকার সিএমএম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মতামত দিন