গোপালগঞ্জে ছাদের পানি নিয়ে বিরোধ: ভাইদের হাতে ভাই খুন।
গোপালগঞ্জের উনশিয়া গ্রামে ছাদের পানি পড়াকে কেন্দ্র করে একটি পরিবারের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ভাইদের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে।
ঘটনাটি রোববার রাতে ঘটেছে ঘোষ পরিবারের বাড়িতে।
রোববার বৃষ্টির কারণে বাড়িতে উত্তেজনা আরও বেড়ে যায়। কথাকাটাকাটির এক পর্যায়ে গৌরাঙ্গ, কালা ও যুগল ঘোষ লাঠি নিয়ে আনন্দ ঘোষকে আঘাত করেন। সঙ্গে ছিল ভাতিজা নয়ন ঘোষ ও সৌরভ ঘোষ।
পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা আহত আনন্দকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনন্দ ঘোষের স্ত্রী মিতা ঘোষ বলেন, “দিনে বৃষ্টি হয়েছে, ছাদ থেকে পানি পড়ায় রাতে আমার স্বামীকে দেবর ও ভাসুররা পিটিয়ে হত্যা করেছে।”
প্রতিবেশী বাচ্চু হাওলাদার জানান, পানি পড়ার বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সালিশদারদের সিদ্ধান্তও তারা মানেননি। সামান্য বিষয়ই শেষ পর্যন্ত প্রাণহানিতে পরিণত হলো।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
মতামত দিন