মাদারীপুরের শিবচরে চায়নিজ কুড়াল দিয়ে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা।
মাদারীপুরের শিবচর পৌর বাজারে রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় রাকিব মাদবর (২৫) নামের এক যুবককে। ইউসিবি ব্যাংকের সামনের প্রধান সড়কে ঘটে এ হত্যাকাণ্ড।
নিহত রাকিব উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের বাসিন্দা নাসির মাদবরের ছেলে। তিনি একই এলাকার আলোচিত ইবনে সামাদ হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। এ ঘটনার খবর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পৌর এলাকাজুড়ে ভীতি ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, রাত ৮টার দিকে রাকিব বাজারে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন যুবক আকস্মিকভাবে তাকে লক্ষ্য করে হামলা চালায়। ধারালো চায়নিজ কুড়ালের কোপে গুরুতর আহত হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়েন। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাকিবকে উদ্ধার করে প্রথমে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি মো. রকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
প্রসঙ্গত, চলতি বছরের ৬ মে একই এলাকায় প্রতিপক্ষের হামলায় ইবনে সামাদ নামের এক যুবক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই মামলার অন্যতম আসামি ছিলেন নিহত রাকিব।
মতামত দিন