রাত নামলেই আতঙ্কের শহর হাতিরঝিল।
হাতিরঝিল রাজধানীবাসীর কাছে একসময় স্বপ্নের প্রকল্প হলেও এখন স্থানীয়দের জন্য আতঙ্কের জায়গায় পরিণত হয়েছে। রাত ১০টার পর থেকেই গোটা এলাকা যেন অন্ধকারাচ্ছন্ন এক জনশূন্য ঘাটে রূপ নেয়।
অপরাধীদের আনাগোনা এতটাই বেড়েছে যে, সুস্থ-সবল পুরুষ মানুষও রাতে একা হাঁটতে সাহস পান না। নারীদের অবস্থা আরও ঝুঁকিপূর্ণ। বাসিন্দারা জানাচ্ছেন, হাতিরঝিলের বিভিন্ন মোড়ে প্রায়ই দল বেঁধে ৪-৫ জন যুবক বসে থাকে, যারা হঠাৎ করে পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
সম্প্রতি এমন এক ঘটনায় এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী বেতন হাতে নিয়ে বাসায় ফিরছিলেন। অ্যাম্পিথিয়েটারের সামনে কয়েকজন যুবক তার পথরোধ করে ১২ হাজার টাকা থেকে শুরু করে পকেটে থাকা সামান্য কয়েন পর্যন্ত ছিনিয়ে নেয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, মগবাজারের বড় অংশের অপরাধকর্ম এখন হাতিরঝিল হয়ে সংঘটিত হচ্ছে। দেয়াল টপকানো বা অন্ধকার গলিপথ ব্যবহার করে মুহূর্তেই অপরাধীরা উধাও হয়ে যায়।
বাসিন্দাদের অনুরোধ, কেউ যেন একা এ পথে রাতে না আসেন এবং ঘুরতে এলেও সন্ধ্যার পর দ্রুত বাসায় ফেরেন।

মতামত দিন